ঢাবি ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জবি ছাত্রদল সদস্য সচিবের কুরুচিপূর্ণ মন্তব্য, নারী শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: August 10, 2025 |
inbound6500890155272421305
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জবির নারী শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে “সাধারণ শিক্ষার্থী” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে মানববন্ধনে ছাত্রী সংস্থার কয়েকজন নেত্রীও অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, শামসুল আরেফিন ফেসবুকে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সদস্যদের সাক্ষাতের ছবি শেয়ার করে ব্যঙ্গাত্মক পোস্ট দেন এবং মন্তব্যের ঘরে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এক পর্যায়ে তিনি লেখেন, “লুঙ্গীর তলেও দারুণ পর্দা হয়। আমাদের পর্দায় সমস্যা না, সার্কাসে সমস্যা।”

শিক্ষার্থীদের মতে, পর্দা কেবল পোশাক নয়—এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়, যা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, “আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটুক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, “পর্দা ইসলাম ধর্মের ফরজ বিধান। নারীর অধিকার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

দর্শন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রী সংস্থা নেত্রী বুশরা বলেন, “তার মন্তব্য শুধু আমাদের সংগঠন নয়, সব মুসলিম নারীকে অসম্মান করেছে। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, “এটি মূলত সব নারীকে অপমান করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।”

মানববন্ধনে শিক্ষার্থীরা দুই দফা দাবি জানান—

১. শামসুল আরেফিনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২. পর্দা করে চলা নারীদের নিয়ে কটুক্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে শামসুল আরেফিন ফেসবুকে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের সৌজন্য সাক্ষাতের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সেরের জন্য কয়টা তালি”।

মন্তব্যের ঘরে জিএমএস আহমেদ রেজা নামের এক ব্যক্তি প্রশ্ন তুললে, আরেফিন জবাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়।

Share Now