আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

আপডেট: August 23, 2025 |
inbound6239270866165098682
print news

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে আজ (শনিবার) ঢাকায় পৌঁছাচ্ছেন। শুক্রবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার সকালে তিনি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় আলোচনায় আসবে।

সম্ভাব্য চুক্তি ও সমঝোতা

সরকারি সূত্র জানিয়েছে, সফরে বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এর মধ্যে রয়েছে—

কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত যাতায়াত চুক্তি

দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা

সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির নবায়ন

আলোচনায় আসবে সংবেদনশীল বিষয়ও

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের অংশীদারি, এবং বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যু তোলা হবে।

এছাড়া সফরকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও ইসহাক দারের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

সম্পর্কের উন্নতির প্রেক্ষাপট

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ ঢাকা সফর হয়েছিল ২০১২ সালে, যখন হিনা রব্বানি খার বাংলাদেশ সফরে এসেছিলেন। দীর্ঘ বিরতির পর এবার ইসহাক দারের সফরকে উভয় দেশের সম্পর্কের নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়েছে।

ইতোমধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হয়েছে এবং পাকিস্তানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর