মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আপডেট: September 27, 2025 |
inbound2818518020786721480
print news

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সে (আইপিএসিসি) অংশগ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ সম্মেলনে প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

পাশাপাশি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারি ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল টান সেরি দাতো সেরি মুহাম্মাদ হাফিজউদ্দিন জানতানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান ২২ সেপ্টেম্বর সরকারি সফরে মালয়েশিয়া যান।

Share Now

এই বিভাগের আরও খবর