নার্সদের ডাক্তারের সমমর্যাদা দিতে হবে: ফরহাদ মজহার

বাংলাদেশে জনগণের স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি হলেও এখানে পেশা হিসেবে নার্সদের অমর্যাদাসম্পন্ন একটা অবস্থানে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ পেশা। স্বাস্থ্যব্যবস্থায় যা ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন। এটি ডাক্তারদের অধীন কোনো পেশা নয়। কারণ নার্সিং সেবা না থাকলে চিকিৎসাও থাকবে না। তাই নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উন্নত গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সিং সংস্কার বাস্তবায়নের দাবিতে এই আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।
এই চিন্তক আরও বলেন, আসল স্বাস্থ্য মানে হলো রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যনীতি, কৃষিনীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। আমার কোনো অসুখ হবে না, এটা প্রতিরোধ করাও এক ধরনের স্বাস্থ্য। কেননা নারীদের জীবনে নানা প্রাকৃতিক পরিবর্তন ঘটে। কিন্তু সব ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। সেখানে নার্সরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ নার্স পেশাকে এখনও ডাক্তারদের অধীন করে রাখা হচ্ছে। তাই নার্স পেশাকে যথাযোগ্য মর্যাদা ও সম্মান আদায় করতে না পারলে আমাদের স্বাস্থ্যব্যবস্থা আরও খারাপ থেকে খারাপের দিকে যাবে। আর এ কারণে নার্সদের সংগঠনের আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি।
বিএনএর সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।













