বগুড়ার শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে ডুবে শাহাদাত(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
০২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার শীলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে এঘটনা ঘটে।
নিহত শাহাদত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা তারা মিয়ার ছেলে। তারা মিয়া পরিবারসহ মহাস্থান শীলাদেবীর ঘাট এলাকায় পুলিশ বক্সে থাকতো। পরিবারের লোকজন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে এক মানসিক ভারসাম্যহীন নারী করতোয়া নদী ঘেষা রাস্তা দিয়ে স্থানীয় মাছের আড়তে যাচ্ছিলো। এসময় ঐ নারী শীলাদেবীর ঘাট এলাকায় নদীর তীরে নামলে শিশুটিকে নদীতে ভাসতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার এসআই ছাইদুল ইসলাম জানান, নদীতে পড়ে শিশু নিহতের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। নাক-কান দিয়ে পানি পড়ছিলো। এবিষয়ে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ চলমান রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত শিশুর বাবা মানসিক ভারসাম্যহীন মানুষ। তার স্থানীয় বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়। তিনি মহাস্থান এলাকার এক ভারসাম্যহীন নারীকে বিয়ে করে পুলিশ বক্সে থাকতেন।














