তিনদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন নৌবাহিনী জাহাজ

আপডেট: October 8, 2025 |
inbound575756265202833723
print news

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড।

বুধবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ সফরকারী এই জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে অবস্থানকালে ইউএসএস ফিৎসজেরাল্ড জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। এর ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে।

সফরকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা সফরের মাধ্যমে ভবিষ্যৎ প্রশিক্ষণ, সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে উভয় দেশ।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

Share Now