শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার

বাংলাদেশের সঙ্গে সামরিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড (ডিডিজি-৬২) তিন দিনের শুভেচ্ছা সফরে আজ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু উবাইদাহ মার্কিন জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। এ সময় উভয় দেশের নৌবাহিনীর কর্মকর্তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আইএসপিআর জানায়, এ সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাদার দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত করা।
এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তিন দিনের শুভেচ্ছা সফর শেষে ইউএসএস ফিটজেরাল্ড আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।



















