যৌথ অভিযানে স্বামীসহ মাদকসম্রাজ্ঞী শিপরা গ্রেফতার

আপডেট: October 10, 2025 |
sr
print news

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-টাকাসহ মাদক সম্রাজ্ঞী শিপরা খাতুন ও তার স্বামী বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার শিপরা খাতুন ওই এলাকার মো. বাবুল হোসেনের স্ত্রী এবং বাবুল হোসেন মৃত আবুল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। অভিযানে শিপরা ও তার স্বামী বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘর থেকে ১ হাজার ৭০৮ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের সেনা ও পুলিশের অফিসিয়াল কার্যক্রম শেষে রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

শিপরা খাতুনের বিরুদ্ধে ইতোমধ্যে প্রায় দুই ডজন মাদক মামলা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর