দীর্ঘ ২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

আপডেট: October 14, 2025 |
inbound1502786530847773491
print news

দীর্ঘ বিশ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে বসতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবর ঢাকায় নবম এই বৈঠক উপলক্ষে পাকিস্তানের অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা ঢাকা সফর করবেন।

ঢাকায় আসার সময় আহাদ খান চিমা জেইসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও একাধিক বৈঠক করবেন। আসন্ন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আহাদ খান চিমা।

সফরের সময় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

যৌথ অর্থনৈতিক কমিশনের শেষ বৈঠকটি হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। গত বছরের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে ব্যবসা-বাণিজ্য বিষয়ক আলোচনা শুরু হয়েছে।

এবারের জেইসি বৈঠকে দুই দেশ সরাসরি অর্থনীতির সঙ্গে যুক্ত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবে। এতে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত এবং ব্যাংকিংসহ সংশ্লিষ্ট খাতের অগ্রগতির পরিকল্পনা গুরুত্ব পাবে।

এক কর্মকর্তা জানান, বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে শুল্ক ও কোটামুক্তভাবে চা, পাটজাত পণ্য, মেডিসিন, তৈরি পোশাক ও ইলেকট্রনিকস সামগ্রী আমদানির জন্য পাকিস্তানকে অনুরোধ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর আহাদ খান চিমার সফরটি হবে বাংলাদেশে পাকিস্তানি মন্ত্রী পর্যায়ের চতুর্থ সফর। সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রথম ধাপ হিসেবে এপ্রিলে পররাষ্ট্র সচিবদের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এরপর ঢাকা আসেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।

সূত্রে আরও জানা গেছে, জেইসির বৈঠকের কাছাকাছি সময়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ইসলামাবাদ সফরের পরিকল্পনা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর