ত্রিপুরায় গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশি চোরাকারবারি ছিল: ভারত

আপডেট: October 18, 2025 |
arfa 2
print news

ভারতের ত্রিপুরা রাজ্যে পিটুনিতে নিহত তিন বাংলাদেশি চোরাকারবারি ছিলেন বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ওই ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুক্রবার তিনি এ দাবি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক নিহতের সাম্প্রতিক ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ১৫ অক্টোবর ভারতীয় ভূখণ্ডের প্রায় তিন কিলোমিটার ভেতরে তিন বাংলাদেশি চোরাকারবারির মৃত্যুর ঘটনাটি ভারত সরকার অবগত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দুই চোরাকারবারিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তৃতীয়জন পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জানান, তিনজনের মরদেহ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পুলিশ একটি মামলাও নথিভুক্ত করেছে।

রণধীর জয়সোয়াল আরও বলেন, এ ঘটনা আন্তসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করার রীতি বজায় রাখতে এবং প্রয়োজনীয় স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণে সহায়তা প্রদানে বাংলাদেশের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

গত বুধবার ত্রিপুরায় পিটিয়ে হত্যা করা তিন বাংলাদেশি হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পণ্ডিত মিয়া (৪০), সজল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (৩৫)। তাঁরা পেশায় দিনমজুর ছিলেন। পরদিন বিকেলে নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করে ভারত।

Share Now