রূপগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি
আপডেট: October 19, 2025
|

মাদরাসার এক শিক্ষার্থীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলাৎকারের অভিযোগ ওঠায় মোহাম্মদ হোসেন (২২) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসায় এই ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা এবং কয়েক বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হোসেন নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। পরে রাতের দিকে শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে, তার অভিভাবকরা মাদরাসায় উপস্থিত হয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এসময় মাদরাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি ঢাকতে চেষ্টা করেন।
উত্তেজিত এলাকাবাসী মাদরাসায় ঢুকে হোসেনকে আটক করে। জিজ্ঞেস করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে স্বীকার করেন। একপর্যায়ে জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, ‘এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মিলে মোহাম্মদ হোসেনকে আটক করে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


