রাজউকে নির্বাচন করবেন অভিনেতা তারিক স্বপন

আপডেট: October 19, 2025 |
boishakhinews 2
print news

রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লি-এর নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচন করছেন অভিনেতা তারিক স্বপন। দর্শকরা তারিক স্বপনকে অভিনেতা হিসেবে চিনলেও তিনি রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) চাকরি করেন। এবার নিজের কর্মস্থলে নির্বাচন করছেন ছোট পর্দার এই পরিচিত মুখ।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নির্বাচনী পোস্টার শেয়ার করেছেন তারিক স্বপন।

যেখানে লেখা রয়েছে, রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লি.-এর নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচন করছেন তিনি। একই সঙ্গে সবার দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করছেন।

১৯৯২ সালে সিরাজগঞ্জের ‘অনুস্বর থিয়েটার’ দিয়ে তার মঞ্চে অভিনয় শুরু তারিক স্বপনের। পরবর্তী সময়ে ‘প্রসূণ থিয়েটার’র হয়ে তিনি ‘হামেদ আলীর সর্পদর্শন’, ‘১৯৭১’, ‘মহাপুরুষ’, ‘রাজাকারের পতন’সহ বেশ কয়েকটি মঞ্চনাটকের নির্দেশনা দেন।

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান যখন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যেতেন, তখন তারিক স্বপন জাহিদ হাসানের সঙ্গে দেখা করতেন। জাহিদ হাসানের অনুপ্রেরণা ও সাহসে ১৯৯৯ সালে তারিক স্বপন ঢাকায় আসেন। ঢাকায় এসে প্রথম ‘থিয়েটার সেন্টার’-এ যোগ দেন। যোগ দেওয়ার চার দিনের মাথায় তিনি ‘মন তার শঙ্খিনী’ নাটকে অভিনয় করেন।

টিভিতে তারিক স্বপনের অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’। এর পর মোশাররফ করিমের রেফারেন্সে মাসুদ সেজানের ‘লংমার্চ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তারিক স্বপন। একই পরিচালকের ‘রেড সিগন্যাল’, ‘চলিতেছে সার্কাস’, ‘এইম ইন লাইফ’ নাটকে অভিনয় করে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তারিক স্বপন। তারিক স্বপনের প্রথম অভিনীত সিনেমা প্রয়াত আবিদ হাসান বাদলের ‘আলী বাবা’।

‘পাওয়ার’, ‘হঠাও দুর্নীতি’, ‘অন্ধকারের রাজনীতি’, ‘মুখোশ’ অঞ্জন আইচের ‘কানামাছি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Share Now