২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে চলা ফ্লাইট বিপর্যয়ের মাশুল সরকার মওকুফ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের কার্গো (৮ নম্বর) গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস সময়মতো ও সঠিকভাবে কাজ করতে পেরেছে।
যত অভিযোগ পাওয়া যাচ্ছে, সবগুলোই তদন্তের আওতায় আনা হবে। শুরুতে মালামাল সরানোর সুযোগ না থাকায় পরিস্থিতি জটিল হয়েছিল।”
তিনি আরও বলেন, “দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ করে দেবে।”
শনিবার দুপুরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের প্রধান বিমানবন্দর শাহজালালে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


