জাবিতে রোকেয়া হল সংসদের আয়োজনে আবৃত্তি সন্ধ্যা

আপডেট: October 25, 2025 |
inbound495954420367657772
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের আয়োজনে একটি আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

গতকাল ২৪ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় রোকেয়া হলের টিভি রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসু এজিএস(নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা। এছাড়া উপস্থিত ছিলেন রোকেয়া হল সংসদের ভিপি তাসনিম খন্দকার, সাহিত্য সম্পাদক ইসরাত জাহান মারিয়া সহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

কবি ফররুখ আহমদ, জীবনানন্দ দাশের মৃত্যু বার্ষিকী আর হেলাল হাফিজের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এই আয়োজন বলে জানান হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান মারিয়া। অনুষ্ঠানে তাদের লেখা কবিতা আবৃত্তি করা হয়।

জানা যায়, রোকেয়া হল সংসদে নির্বাচিত হবার পর নির্বাচিত প্রতিনিধিদের আয়োজনে এটাই প্রথম আবৃত্তি সন্ধ্যা। সামনে আরও এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেছেন সাহিত্য সম্পাদক মারিয়া।

ইসরাত জাহান মারিয়া বলেন, হল সংসদ নির্বাচনের পর এটি ছিল আমাদের প্রথম আয়োজন। এ মাসে বাংলা সাহিত্যের বেশ কয়েকজন বিশিষ্ট কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী হওয়ায় আমরা মাসটিকে কেন্দ্র করেই এই আয়োজন করেছি।

বিশেষ করে ৫৪ ব্যাচের নবীনদের আগ্রহের সঙ্গে উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। আমরা চাই সাহিত্যচর্চার মাধ্যমে সুস্থ সংস্কৃতির ধারা আমাদের মাঝে বজায় থাকুক।

এছাড়া রোকেয়া হল সংসদের ভিপি তাসনিম খন্দকার বলেন, রোকেয়া হলের প্রথম প্রোগ্রাম  এ সহ-সভাপতি  হিসেবে আমি, সাহিত্য সম্পাদক ও অন্যান্য সম্পাদক ও সাধারণ শিক্ষার্থীরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রোগ্রামটা সকলের জন্য উপভোগ্য করার চেষ্টা করেছি।

প্রোগ্রামে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং সবাই অনেক খুশি ছিল। সকলের উপস্থিতি আমাদের প্রোগ্রামটাকে আরো সুন্দর করেছে।

আমরা ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করার আশা রাখছি এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।

Share Now