প্রাণহানির পরদিন পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু

আপডেট: October 27, 2025 |
inbound6743076736953400802
print news

ঢাকার খামারবাড়ি এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে একজনের প্রাণহানির পরদিন পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক রেজাউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, “আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল থেকেই ট্রেন চলাচল বন্ধ ছিল, সকালে এই অংশে ট্রায়াল চালানো হয়। এরপর সকাল ১১টায় পুরো পথে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে।”

রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিয়ারিং প্যাড খসে পড়লে আবুল কালাম নামের এক যুবক মারা যান। এ ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বিকাল থেকে আগারগাঁও-উত্তরা অংশে এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। তবে দুর্ঘটনার পর থেকেই আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল।

গত বছরের ১৮ সেপ্টেম্বরও একই এলাকায় বিয়ারিং প্যাড খসে পড়েছিল, কিন্তু সেবার কোনো প্রাণহানি ঘটেনি।

কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে এই ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।

কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ওই প্যাড পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত ব্যক্তির পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

সেই সঙ্গে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

Share Now