পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু


রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
মঙ্গলবার (২৮) ভোর সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন জানান, আজ (মঙ্গলবার) ভোরের পোস্তগোলা ব্রিজের উপর এক নারীকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই ইকবাল হুসাইন আরও জানান, ঘটনাস্থলে আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, দ্রুতগামী কোনো একটি গাড়ির ধাক্কায় এ ঘটনাটি ঘটে থাকতে পারে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

