চান্দিনায় মাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

আপডেট: November 1, 2025 |
dsdffffas 3
print news

কুমিল্লার চান্দিনা উপজেলায় নিজের সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মুন্সি (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন মুন্সি কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। বুধবার (২৯ অক্টোবর) রাতে তিনি নিজ বাড়িতে সৎ মা হালিমা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পিবিআই কার্যালয়ের পুলিশ পরিদর্শক বিপুল দেবনাথ জানান, বৃহস্পতিবার গণমাধ্যমে খবরটি প্রকাশের পর পিবিআই কুমিল্লার পুলিশ সুপার সারোয়ার আলম স্যার আমাদের ঘটনাটির মূল আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমরা আসামিকে আটক করতে সক্ষম হই।

প্রসঙ্গত, চান্দিনার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী এমদাদুল হক মুন্সির প্রথম স্ত্রী তিন বছর আগে মারা যান। পরে তিনি দ্বিতীয় বার বিয়ে করলে শাহীন মুন্সী’র অত্যাচারে সেই স্ত্রী সংসার ছেড়ে চলে যান। প্রায় দুই মাস আগে তিনি আরও তৃতীয় বারের মতো হালিমা বেগম (৩৪) নামে ওই নারীকে বিয়ে করেন।

বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে ছোট ছেলে শাহিন আলম (মুন্সি) তার সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Share Now