পাচার করা টাকাই এখন বিদেশে বসে খরচ করছে আওয়ামী লীগ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ বিদেশে পাচার করা টাকাই এখন দেশে খরচ করছে। তিন সেকেন্ডের ভিডিও বানিয়ে নেতাদের খুশি করলে কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা জমা হয়— এমন ব্যবস্থায় দলটি টিকে থাকতে চাচ্ছে। কিন্তু এভাবে মিছিল করে গেলেও আগামী ৫০ বছরেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শফিকুল আলম।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে তিনি স্পষ্ট করে জানান, যেভাবেই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। “এটাকে পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই,” যোগ করেন তিনি।













