বগুড়ায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ‘কারিগর’ আটক

আপডেট: November 3, 2025 |
inbound1963976917022022251
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

২ নভেম্বর (রবিবার) দুপুরে বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত আতাউর সেলিম(৩৫) নামের এক যুবক।

তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন।

মুক্তার স্থানীয় এক ইউপি সদস্যের ভাতিজা। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর মুক্তার হোসেনসহ আরও দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে যান।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সময় পালিয়ে যাওয়া বাকি দুজনকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। ককটেল তৈরির উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

Share Now