নিজেই নির্বাচনের পরিবেশ নষ্ট করছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

আপডেট: November 7, 2025 |
ফাইল ছবি
print news
নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে বলেছেন, অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচনের পরিবেশ বানচালের ষড়যন্ত্র করছে।

শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শুরুর আগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন, সমৃদ্ধ রূপে উন্নীত করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি এবং বেসরকারিখাতে বিনিয়োগের সূচনা করেছিলেন। তিনি নতুন এক বাংলাদেশের সূচনা করেছিলেন, এর ভিত্তি ধরে দেশ আজও এগিয়ে চলছে।

নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতে ইসলামীসহ আট দলের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনের আগে গণভোটের দাবি জানাচ্ছে, তাদের সেই চাপ সৃষ্টি করার ষড়যন্ত্র সফল হবে না। গণভোট হলে তা নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটো নির্বাচন করতে গেলে প্রচুর টাকা খরচ হবে এবং জাতীয় সংসদ নির্বাচন বানচাল হতে পারে।

তিনি বলেন, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। অন্যথায় দেশের মানুষ এই অবস্থান মেনে নেবে না।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার—যাকে বিএনপি সম্পূর্ণ সমর্থন দিয়েছে, তারাই এখন এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন ব্যবস্থা বানচাল হয়। যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারাও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

মির্জা ফখরুল যুবক ও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, মারা গেছেন, তাদের আত্মত্যাগ স্মরণ করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা এই নির্বাচনে অংশ নেবো ইনশাআল্লাহ। এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়বো।

Share Now

এই বিভাগের আরও খবর