আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

২০২৬ সালের রোজা শেষে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তিনি আরও বলেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি বাড়তে পারে আরও এক দিন।
যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, যেমনটা ধারণা করা হচ্ছে; তবে আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের ছুটিতে পবিত্র রমজানের ৩০তম দিনটি যুক্ত হবে। ফলে দেশটির বাসিন্দারা চার দিনের ছুটি পেতে পারেন—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) আবার অফিস শুরু হবে।
আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
শনিবার (১৫ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম উৎসব। এর সঙ্গে ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় চাঁদ দেখার আগে রাষ্ট্রীয়ভাবে তারিখ নির্ধারণ করবে না আরব আমিরাত কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চাঁদা দেখার একদিন পরে সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়। আর সেই অনুযায়ী রোজা পালিত হয়। সেক্ষেত্রে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফেতর পালিত হতে পারে। আর ঈদ উদযাপনে ৫ দিন ছুটি থাকবে।
ঈদের আগে দু’দিন, ঈদের দিন ও পরে ২ দিন ছুটি ভোগের সুযোগ পাবেন বাংলাদেশিরা। এ ছুটি ১৯ মার্চ থেকে ২৩ মার্চ হতে পারে। যদিও সবই নির্ভর করছে চাঁদ দেখা সাপেক্ষে।

















