ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা

আপডেট: November 22, 2025 |
inbound1745949348058240232
print news

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার সকাল সোয়া ৮টায় ড্রুক এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পের প্রভাব ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর তাঁকে সশস্ত্র বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দর থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভুটানের প্রধানমন্ত্রী সফরের সময় ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দুপুরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন। বেলা ৩টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো আলোচনা হবে। আলোচনার পর তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভুটানের প্রধানমন্ত্রী। একই দিন বাংলাদেশের উপদেষ্টা ও ব্যবসায়িক প্রতিনিধি দলও তাঁকে সৌজন্য সাক্ষাতে অভ্যর্থনা জানাতে পারেন। সফরশেষে ২৪ নভেম্বর সকালে ভুটানের প্রধানমন্ত্রী থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর