ঢাকায় বাড়িভাড়া নির্ধারণ করে দেবে সরকার!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা শহরের কোন এলাকায় বাড়ি ভাড়া কেমন হবে, বাড়ির সেবা অনুযায়ী ভাড়া নির্ধারণ ও তালিকা করে দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির নগর ভবনে অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ডিএনসিসির প্রশাসক বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সালে জারি হলেও আইনের অনেক কিছু মানা হচ্ছে না। আমরা আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য নির্দেশিকা তৈরি করব। যা আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে করে ফেলব।
বাড়িভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণ করে দেব। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটি রেট কার্ড আমরা দিয়ে দেব।
গোলটেবিল বৈঠকে ভাড়াটিয়ারা তাদের ভাড়া বাসায় যখন ইচ্ছা তখন ঢুকতে বা বের হতে পারবে জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, বাসায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভূমিকম্প সহনীয়সহ সব কমপ্লায়েন্স মেনে ভাড়া দিতে হবে।
এ সময় হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে ওই বাড়িতে কোনো সেবা দেওয়া হবে না জানান তিনি।
মোহাম্মদ এজাজ জানান, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে অ্যাগ্রিমেন্টের একটি দলিলের ফরমেট ডিএনসিসির ওয়েবসাইটে দেওয়া হবে এবং রেসিডেন্সিয়াল এলাকায় কমার্সিয়াল কার্যক্রম বন্ধ করতে কাজ করা হবে।
অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন, সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না অভিযোগ তুলে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি করপোরেশনকে রাখতে হবে।’

















