ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, শীত বাড়ছে দ্রুত

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। একইসাথে এলাকাভেদে কম-বেশি কুয়াশা দেখা যায়, যা গত কয়েক দিনের তুলনায় আরও শীতল অনুভূতি সৃষ্টি করেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকবে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকালে ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত আজ সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
