আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

আপডেট: December 11, 2025 |
inbound7248552204474976220
print news

পুলিশ প্রধান বাহারুল আলমের পদত্যাগ দাবিতে এবার পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সংগঠনের নেতাকর্মীরা সরকারী কর্মচারী হাসপাতাল পার হয়ে পুলিশ সদর দপ্তরের দিকে যাওয়ার সময় তাদের ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, তারা আধা ঘন্টার মত ছিল। বুঝিয়ে বলার পর চলে যায়। কোনো হাঙ্গামা হয়নি।

এর আগে গত মঙ্গলবার একই দাবিতে শাহবাগ মোড়ে দুই ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনের নেতাকর্মীরা।

পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, তারা বর্তমান আইজিপি পদত্যাগ দাবি করছেন। তিনি পদত্যাগ না করলে তাকে অপসারণ করা হোক।

বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডের পরে গ্রেপ্তার হন এবং বন্দি অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার শুভাকাঙ্ক্ষীরা শহীদ পিন্টু স্মৃতি সংসদ গঠন করে।

সংগঠনটির অভিযোগ, বিডিআর হত্যাকাণ্ডের পর নাসির উদ্দিন পিন্টুকে ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ কৌশলে পিন্টুকে ‘হত্যা’ করা হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম আসার পর থেকে এই পুলিশ কর্মকর্তাকে অপসারণ, গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবীতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। এরই মধ্যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর