প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারব: ডিএমপি কমিশনার

আপডেট: December 13, 2025 |
inbound3433741572324076782
print news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেছেন, ‘আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি।’

আজ শনিবার রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

এখনো ২৪ ঘণ্টা পার হয়নি, শিগগিরই হত্যাচেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন ডিএমপি কমিশনার।

ওসমান শরিফ বিন হাদির ওপর হামলার ঘটনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এ বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ‘তাঁদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে দিনের বেলায় সম্ভাব্য একজন প্রার্থীকে গুলির ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর