ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ সালে যে প্রেস নোটে বক্তব্য দিয়েছে, তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।”
তবে বিবৃতিতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করার বিষয়টি উল্লেখ করা হয়নি।
বাংলাদেশের সরকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল, ভারতে অবস্থানরত পলাতক রাজনৈতিক নেতা শেখ হাসিনা ও তার সমর্থকদের দ্বারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো বন্ধ করতে।
ভারত এই অভিযোগ সরাসরি খারিজ করেছে এবং বাংলাদেশের বক্তব্যকে স্বীকৃতি দেয়নি।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভারতীয় হাইকমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।
হাইকমিশনারকে জানানো হয়েছে যে, ভারতে অবস্থানকারী পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করা ও আসন্ন নির্বাচন বানচাল করার অসাধু উদ্দেশ্যে ক্রমাগত ভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ও তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন।
ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে, যেন তারা অনতিবিলম্বে তার এবং ভারতে পলাতক তার সাঙ্গ-পাঙ্গদের এ সকল ফ্যাসিস্ট টেররিস্ট কর্মকাণ্ড বন্ধ করে দেয়।
ভারতীয় হাইকমিশনারকে আরও অনুরোধ জানানো হয়েছে যে, শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা রোধে ভারত সরকার যেন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করে এবং তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হলে তাদেরকে যেন ভারতীয় কর্তৃপক্ষ অবিলম্বে পাকড়াও করার উদ্যোগ নেয় এবং বাংলাদেশের কাছে তাদেরকে প্রত্যর্পণ করে।









