প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

আপডেট: December 15, 2025 |
inbound409455584335273572
print news

সুদানে ড্রোন হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছয় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ফোনালাপে আন্তোনিও গুতেরেস বলেন, “আমি আমার গভীর সমবেদনা জানাতে ফোন করেছি। আমি বিধ্বস্ত।”

তিনি এই হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রতি জাতিসংঘের সংহতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আহত সেনাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার জন্য জাতিসংঘের সহায়তা কামনা করেন।

জবাবে জাতিসংঘ মহাসচিব জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই ফোনালাপে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এ সময় উভয় নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করবে।

ফোনালাপের শেষে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের আসন্ন নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর