ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

আপডেট: December 18, 2025 |
inbound4331250964196229679
print news

বর্ষা মৌসুমে ঢাকার বাতাসের মান উন্নতির দিকে থাকলেও শীতকালে তাপমাত্রা কমায় বাতাসের মানে অবনতি হয়। রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা আজ অষ্টম স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১৮২।

দূষণের এই তালিকায় ২৮৫ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় স্থানে থাকা চীনের উহানের স্কোর ২৫১। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২২৭। এছাড়া ২০৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের হ্যাংজু ও ২০১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের অন্য শহর বেইজিং।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়।

বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share Now