৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন

শরীফ ওসমান হাদি হত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই সনদের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং ‘জুলাই সনদের পক্ষে জনমত তৈরির’ দাবিতে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শরীফ ওসমান হাদিসহ সকল হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারা।
দলীয় নেতারা জানান, ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জুলাই সনদের পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলাই এই মহাসমাবেশের মূল লক্ষ্য।


