পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান

আপডেট: January 6, 2026 |
boishakhinews 18
print news

ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। কিন্তু বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের যে চাহিদা, তাঁর সে সময়ে বসে থাকার কথাও না! তাঁকে ঠিকই লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের এই লিগে নাম লিখিয়েছেন এই বাঁহাতি। পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানানো হয়েছে।

সেখানে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’

আইপিএলের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে আগামী বছরের ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার, সেটি ২০১৮ সালে। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে।

মোস্তাফিজের দল এখনো যদিও নিশ্চিত নয়। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজ যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে ৮ দলের। টুর্নামেন্টের এগারোতম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি।

গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স।

এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করে কেনে কলকাতা। ৯ কোটি ২০ লাখ রুপি দামে বিক্রি হন এই বাঁহাতি পেসার। আইপিএলে মোস্তাফিজই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। তবে এই মৌসুমেই তাঁর খেলা হচ্ছে না।

তাতে লাভবান হলো পিএসএল। দুনিয়ার অন্যতম সেরা বোলারকে পেল ফ্র্যাঞ্চাইজি লিগটি।

Share Now

এই বিভাগের আরও খবর