সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ‘মজার পাঠশালা’

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অথচ সমাজের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া অনেক শিশু আজও এই অধিকার থেকে বঞ্চিত।
এসব শিশুর শিক্ষা ও স্বাক্ষরতা নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে কাজ করে যাচ্ছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ‘মজার পাঠশালা’।
এরই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই, খাতা, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ নাছির উদ্দিন।
এসময় তিনি বলেন, “আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মেহমানখানায় প্রতিদিন এসব শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
খাবার শেষে তাদের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। নতুন বছরের শুরুতে এই শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
একটি নির্দিষ্ট সময় পর এসব শিশুদের নিয়মিত স্কুল ও মাদরাসায় ভর্তি করানো হয়।“
বর্তমানে ‘মজার পাঠশালা’র কার্যক্রম চট্টগ্রাম ও ঢাকায় চলমান রয়েছে। ভবিষ্যতে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
‘পিছিয়ে থাকবে না কোনো শিশু’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে মজার পাঠশালা। নতুন বই ও শিক্ষা সামগ্রী পেয়ে শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।












