বিএনপি সরকার গঠন করলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম ও প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন-এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, দেশ পুনর্গঠনের কাজে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি একটি ভাঙা রাষ্ট্র কাঠামোকে নতুন করে দাঁড় করাতে কাজ করবে।
তারেক রহমান বলেন, “একটি রাজনৈতিক দলের নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করে না। শুধু তাই নয়, সম্প্রতি সেই দলের একজন নেতা কর্মসংস্থানের জন্য বাইরে যাওয়া নারী ও মা-বোনদের নিয়ে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে, যা বলতে গিয়ে আমার রীতিমতো লজ্জা হচ্ছে। এটি আমাদের সমাজ ও দেশের জন্য চরম লজ্জাজনক ও কলঙ্কজনক।”
তিনি আরও বলেন, ওই বক্তব্যের পর দেশজুড়ে যখন তীব্র সমালোচনা শুরু হয়, তখন বলা হয় সংশ্লিষ্ট নেতার আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। অথচ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলেছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমান অভিযোগ করেন, “নির্বাচনের আগে জনগণের সামনে দাঁড়িয়ে একজন সিনিয়র নেতা এমন মিথ্যা কথা বলছে, এমনকি তার দলও মিথ্যার আশ্রয় নিচ্ছে। এদের পরিচয়-এরা মিথ্যাবাদী।”
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “এই শ্রেণির রাজনীতি কেবল নিজের স্বার্থ বোঝে। তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। এ ধরনের রাজনীতি দেশ ও সমাজের জন্য ভয়ংকর।”
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারী সম্মান, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি দেশবাসীকে বিভ্রান্তিমূলক রাজনীতি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
















