বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান

আপডেট: February 3, 2026 |
inbound8290323575221531215
print news

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযানে বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন এই সফরের কথা জানিয়েছেন।

সফরসূচি তুলে ধরে আমীন বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল (বুধবার) তার নির্বাচনি প্রচারনার অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন।

বেলা ১১টায় আকাশ পথে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন।

দুপুর ১টায় আকাশ পথে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। তারপরে আবার আকাশ পথে ঢাকায় ফেরত আসবেন আমাদের নেতা।

বরিশাল ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে তারেকের ঢাকার বাইরের প্রচার শেষ হবে বলে জানিয়েছেন আমীন।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম যান তারেক। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন। এরপরে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ৩টি নির্বাচনি সমাবেশ অংশ নেন তারেক।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার।

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশে অংশ নেন তারেক রহমান। প্রচার শুরুর পর বিএনপি চেয়ারম্যান এখন পর্যন্ত ঢাকার বাইরে মোট ২০টির বেশি জনসভায় বক্তব্য রেখেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর