২৪ ঘণ্টার ‘আলটিমেটাম’ দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা

আপডেট: February 3, 2026 |
inbound4524263370781962120
print news

দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা এই মোড় অবরোধ করে রাখার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৩টা ১০ মিনিটের দিকে তারা সড়ক ছাড়েন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে কারিগরির শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে সাতরাস্তা মোড় অবরোধ করেন। তাদের দাবি, সরকারকে এই সুপারিশ বাতিল করতে হবে।

অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান বেলা তিনটার দিকে আজকের অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।

আশরাফুল ইসলাম বলেন, সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে দাবি না মানলে সারা দেশ থেকে কারিগরির শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আগামীকাল বুধবার যেহেতু পবিত্র শবে বরাতের ছুটি, সে জন্য কোনো কর্মসূচি রাখা হচ্ছে না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল নতুন কর্মসূচি দেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বেলা দুইটার দিকে বলেছিলেন, সড়ক অবরোধের প্রভাব আশপাশ এলাকায় পড়ে। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়।

Share Now

এই বিভাগের আরও খবর