আমাদের সরলতাকে কেউ দূর্বলতা মনে করবেন না: ফজলুর রহমান সাঈদ

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য মো: ফজলুর রহমান সাঈদ বলেছেন, “আমাদের সরলতাকে কেউ দূর্বলতা মনে করবেন না। জনগণের নিরাপত্তা, অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমরা সবসময় দৃঢ় অবস্থানে থাকবো।”
শনিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এই কর্মসূচিতে অংশ নেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাওলানা সুজাউল ইসলাম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা শাহআলম, আমদই ইউনিয়নের আমীর প্রভাষক আরিফুল ইসলাম, সেক্রেটারি নাহিদুল ইসলাম সহ দলীয় নেতা-কর্মীরা।
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি জয়পুরহাট শহরের বাসস্ট্যান্ড, হিচমী, গুয়াবাড়ি ঘাট, চৌমুহনী, আমদই, মাধাইনগর, ভূতগাড়ি, শিরট্টি, চানপাড়া, শালাইপুর, ছাতিনালি, বেড়াখাই, হরিহরপুর, পাঁচবিবি, দরগাপাড়া, বাগজানা, আটাপাড়া, রতনপুর, সামসাবাদ, বড় মানিক, শালপাড়া, জামতলী, কদমতলী, দাখিলার মোড়, পল্লীবালা, মঙ্গলবাড়ী বাজার ও কুটিবাড়ী ব্রিজসহ বিভিন্ন এলাকায় মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় হাজারো মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন এবং দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থাকবেন। তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে কারচুপির অভিযোগ থাকলেও জনগণের সমর্থন তাদের সাথে রয়েছে।
সহকারী সেক্রেটারি হাসিবুল আলম বলেন, জনগণ আমাদের সাথে আছেন এবং জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
‘দাঁড়িপাল্লা’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী মাসুদ রানা প্রধান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফজলুর রহমান সাঈদ ৯ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে জয়ী হন।
স্থানীয়রা আশা করছেন, নতুন সংসদ সদস্যের নেতৃত্বে জয়পুরহাট-১ আসনে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।













