দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ হাতে নিয়েছে বিএনপি সরকার।
এর মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন ও পুনঃখনন কার্যক্রমের সূচনা করা হলো।
এর আগে সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় পৌঁছান তিনি এবং সেখানে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।













