পতেঙ্গায় অভিযান: উদ্ধার ৬ টন ডিজেল

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে পতেঙ্গার কমিশনার ঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কমিশনার ঘাটা সংলগ্ন এলাকা থেকে ৩০টি ড্রামে ভর্তি আনুমানিক ৬,০০০ (ছয় হাজার) লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযানে জেলা প্রশাসনের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে সমুদ্রগামী জাহাজ এবং তেল ডিপো থেকে তেল পরিবহনের সময় অবৈধভাবে জ্বালানি তেল সরিয়ে ফেলছিল।
পরবর্তীতে এই অপসারিত তেল তারা স্থানীয় বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে অবৈধভাবে বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত ৬ হাজার লিটার ডিজেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং অবৈধ মজুদের দায়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে।
বর্তমানে চট্টগ্রামের সকল তেল ডিপো, পেট্রোল পাম্প এবং সংশ্লিষ্ট তেল কারবারিদের ওপর প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। জনস্বার্থে এবং অবৈধ মজুত রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।








