চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু প্রাথমিক মেধা যাচাইয়ের লড়াই

আপডেট: April 16, 2026 |
inbound1770966101951941044
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ প্রতীক্ষা আর আইনি জটিলতা কাটিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’।

১৫ এপ্রিল (বুধবার) পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম মহানগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়ে আইনি জটিলতা এবং দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েক বছর এই পরীক্ষা বন্ধ ছিল। ২০২২ সালের পর এবারই প্রথম সরকারি ও বেসরকারি—উভয় ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একইসঙ্গে এই মেধা যাচাই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার হলগুলোতে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে এক অভাবনীয় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

চট্টগ্রামের জেলা ও মহানগর মিলিয়ে এবারের পরীক্ষার চিত্রটি নিম্নরূপ:

মোট কেন্দ্র: ৫১টি (মহানগরে ১১টি এবং উপজেলা পর্যায়ে ৪০টি)। মোট পরীক্ষার্থী ৩১,৯৮৩ জন।

মিউনিসিপ্যাল মডেল স্কুল কেন্দ্রে ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৪ জন উপস্থিত ছিল।

এই পরীক্ষা ১৫ মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পাঠান মোঃ সাইদুজ্জামান, সহকারী কমিশনার (শিক্ষা) আফরিন ফারজানা পিংকি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ বলেন, “বর্তমান সরকার শিক্ষা ও আধুনিক পরীক্ষা পদ্ধতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত মেধা যাচাই এবং তাদের কৃতিত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সন্তোষজনক।”

প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অভিভাবকরাও দীর্ঘ কয়েক বছর পর এই পরীক্ষা পুনরায় চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট দিনগুলোতেও পরীক্ষার এই স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর