যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট: April 27, 2026 |
inbound6103324633778368746
print news

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে এসেছেন। আজ সোমবার সকালে ঢাকা থেকে তিনি উড়োজাহাজে করে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ১০ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

পরে প্রধানমন্ত্রী সড়কপথে শার্শা উপজেলার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। সেখানে তিনি সুধী সমাবেশে যোগ দেবেন।

শার্শা থেকে ফিরে তারেক রহমান যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সাড়ে তিনটায় যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নানা দাবিতে সোচ্চার যশোরবাসী। দাবির মধ্যে আছে—যশোর সিটি করপোরেশন স্থাপন, যশোর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু, ভোরে বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে যশোর-নড়াইল-ঢাকা রুটে আরও একটি আন্তনগর ট্রেন এবং দর্শনা (গেদে সীমান্ত) থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চালু করা, ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল বা দর্শনা সীমান্ত রুটে অন্তত একটি লোকাল ট্রেন চালু, দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল লাইন রেলপথ চালু, সুবিধাজনক যেকোনো স্টেশনে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপন করা, সব আন্তনগর ট্রেনে সাধারণ বগি যুক্ত করা।

এ ছাড়া যশোর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, দ্রুততম সময়ের মধ্যে ইপিজেড চালু করা ও যশোরকে পর্যটননগরী ঘোষণা করা।

Share Now

এই বিভাগের আরও খবর