ঠাকুরগাঁওয়ে চাকরি পুনর্বহালের দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সামনে আউটসোর্সিং নীতিমালা উপেক্ষা করে অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মী নিয়োগের প্রতিবাদে এবং ছাঁটাইকৃত দক্ষ কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৪ মে) সকালে হরিপুর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাঁটাইকৃত আউটসোর্সিং কর্মীবৃন্দের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কাজ করে আসছিলেন।
কিন্তু সম্প্রতি সিভিল সার্জন অফিস কোনো পূর্ব নোটিশ ছাড়াই ২০২৫ সালের আউটসোর্সিং নীতিমালা অমান্য করে অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের ছাঁটাই করেছে এবং তাদের পরিবর্তে নতুন ও অদক্ষ লোক নিয়োগের পাঁয়তারা করছে, যা নিয়মবহির্ভূত।
এতে করে একদিকে যেমন অভিজ্ঞ কর্মীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন, অন্যদিকে স্বাস্থ্যসেবার মানও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা অবিলম্বে এই নিয়মবহির্ভূত নিয়োগ বাতিল করে ছাঁটাইকৃত দক্ষ আউটসোর্সিং কর্মীদের চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।















