ভারত সংখ্যালঘুদের মর্যাদা দিলে শ্রদ্ধা আরও বাড়বে: ধর্মমন্ত্রী

আপডেট: May 11, 2026 |
inbound4522185269823063610
print news

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার সহ্য করা হবে না।

সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বড় দেশ এবং গণতান্ত্রিক চর্চার জন্য তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আপন করে নেওয়া, নিরাপত্তা দেওয়া এবং রাষ্ট্রের সমান অংশ হিসেবে মর্যাদা দিলে সেই শ্রদ্ধা আরও বাড়বে।

তিনি বলেন, ভারতে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব বাংলাদেশে পড়তে দেওয়া হবে না। এখানে কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীর ওপর অত্যাচার-নির্যাতন হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিলেও এ ধরনের অন্যায় সহ্য করবেন না বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গে মুসলমানদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকারপ্রধানের পক্ষ থেকে যথাযথ বক্তব্য আসবে বলে তিনি আশা করেন।

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি কাম্য নয়। দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছে আগের মতো ঐক্যবদ্ধভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করুক—এটাই তিনি চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসউদুল হক। সঞ্চালনা করেন উবায়দুল্লাহ বাদল।

Share Now

এই বিভাগের আরও খবর