দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন বিজয়

তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
বিজয় স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যজুড়ে উপাসনালয়ের নিকটবর্তী ২৭৬টি দোকানসহ মোট ৭১৭টি খুচরা মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। জনসাধারণের কল্যাণের কথা বিবেচনা করে বিজয় খুচরা মদের দোকানগুলো বন্ধ করার আদেশ জারি করেছেন। একটি সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সেই অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে উপাসনালয়ের নিকটবর্তী ২৭৬টি দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী ১৮৬টি দোকান এবং বাসস্ট্যান্ডের নিকটবর্তী ২৫৫টি দোকান বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়ার জন্য বিশেষ করে নারী এবং কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক দাবি উঠেছে।
তামিলনাড়ু রাজ্য বিপণন কর্পোরেশন (টাসম্যাক) রাজ্যজুড়ে চার হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান পরিচালনা করে।
সাধারণ মানুষের কথা চিন্তা করে স্পর্শকাতর জায়গায় থাকা মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর সরকার মদ বিক্রি করে ২০২৫ সালে ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। নির্বাচনের আগে বিজয় কথা দিয়েছিলেন তামিলনাড়ুকে ‘মাদকাসক্ত মুক্ত’ করবেন।














