যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

আপডেট: May 18, 2026 |
inbound3806801051747073935
print news

যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৯ মে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।

গত ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়।

এসময় হৃদযন্ত্রে একটি গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণকালেও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নিয়মিত দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সামারি ও নথি ডিজিটালি অনুমোদন ও স্বাক্ষর করেন ।

এছাড়া, সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সাথে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর