যমুনা সেতুতে যানবাহনের চাপ

আপডেট: May 24, 2026 |
inbound6604898003173449636
print news

কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরুর আগেই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ।

এতে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

আগের ২৪ ঘণ্টা থেকে কিছুটা কম হলেও এ সংখ্যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ বলে রোববার সকালে জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।

তিনি বলেন, ‘‘শুক্রবার বিকাল থেকেই সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বাড়তে থাকে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রায় ৩৫ হাজার যানবাহন পারাপার হয়েছিল। পরের ২৪ ঘণ্টায় তা কিছুটা কমেছে।’’

এ সময়ে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী রিয়াজ বলেন, ‘‘ঈদ যাত্রায় শনিবার থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে।’’

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক টোল আদায় চালু রাখার চেষ্টা করছেন এই কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর