ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তায় র্যাব

ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলারক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
মঙ্গলবার জাতীয় ঈদগাহ’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
“দেশব্যাপী বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
র্যাবের সদস্যরা ঈদকে কেন্দ্র করে তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে বলেও জানিয়েছেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, “বিভিন্ন কালোবাজারি, অসাধু ব্যবসায়ীদের মজুদদারী, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজালসহ নকল দ্রব্যসামগ্রী বাজারজাত করে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
তিনি বলেন, ‘‘ঈদকে কেন্দ্র করে র্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে।’’
রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধের ঝুঁকি বেড়ে যায় জানিয়ে তিনি বলেন, “এ পরিস্থিতি মোকাবিলায় সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন নিরাপত্তা চৌকি এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।”
দেশের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলেও আশ্বাস দিয়েছেন র্যাব মহাপরিচালক।














