আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আরও সহজ, নিরাপদ এবং নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যেই নতুন এই শাখা চালু করা হয়েছে।
বুধবার (০৩ জুন) আশুলিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত আতিক ব্যাপারী ম্যানশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানী এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সোলায়মান আহমেদ।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক অঞ্চল আশুলিয়ায় ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে আমরা আনন্দিত। এ অঞ্চলের উদ্যোক্তা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং সাধারণ গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণে আমরা আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিয়ে এসেছি।”
দেশব্যাপী ইউসিবির সেবা সম্প্রসারণ সম্পর্কে তিনি আরও বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ইউসিবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশব্যাপী সেবা প্রদান করছি। আশুলিয়ার নতুন এই শাখা স্থানীয় গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তুলবে।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা তাঁদের এলাকায় ইউসিবির শাখা স্থাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।


















