জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন গোলজার হোসেন

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করতে ৭ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা মোতাবেক পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে জয়পুরহাটের জেলা প্রশাসককে সভাপতি এবং ক্রীড়া সংগঠক জনাব মোঃ গোলজার হোসেনকে সদস্য-সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পুলিশ সুপার (জয়পুরহাট), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (জেলা সমাজসেবা অফিস, জেলা ক্রীড়া অফিসার, মোঃ কবির আকবর চৌধুরী তাজ (ক্রীড়াবিদ)।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই এডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।




