রাজধানীতে ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা

আপডেট: July 14, 2026 |
print news

রাজধানীর লালবাগের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে বকেয়া এক হাজার টাকা ভাড়াকে কেন্দ্র করে মো. স্বপন (৬২) নামে এক ভাড়াটিয়াকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফ্ল্যাটের দায়িত্বে থাকা রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. স্বপন মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি কসমেটিকস পণ্যের ব্যবসা করতেন।

স্বপনের বড় ভাই রাজা মো. সেলিম জানান, তারা দুই ভাই আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে রিজভীর ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতেন। তাদের গত মাসের ভাড়ার এক হাজার টাকা বকেয়া ছিল।

রোববার রাতে রিজভী ওই টাকা দাবি করলে তারা দু-এক দিনের মধ্যে পরিশোধের আশ্বাস দেন। তবে এতে ক্ষুব্ধ হয়ে রিজভী তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

তার অভিযোগ, সোমবার ভোরে স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের ৮১ নম্বর ফ্ল্যাটের সামনে আবারও এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিজভী ও তার চাচাতো ভাই রোহান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

পরে স্বপন বাধা দিতে গেলে তাকে টেনেহিঁচড়ে কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে গিয়ে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিয়ার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে ঢামেক হাসপাতাল থেকে এ ঘটনায় অভিযুক্ত রিজভী ও রোহানকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর