মুম্বাইয়ে আন্দোলনে গেলে শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের: ভিডিও শেয়ার করে জানাল কংগ্রেস

আটক করা ছাত্ররা যদি আবার বিক্ষোভে নামে, তাহলে তাদের জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন মুম্বাই পুলিশের এক সদস্য। বুধবার (২২ জুলাই) পুলিশ ভ্যানের ভেতর ধারণ করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আটক ছাত্রদের পুলিশ ভ্যানে তোলার পর এক পুলিশ কর্মকর্তা তাদের উদ্দেশে বলছেন, বিক্ষোভে ফিরলে মিথ্যা মাদক মামলা দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, এই মামলা দিয়ে তোমাদের জীবন নষ্ট করে দেব। জামিন পাবে না, জেলে পচে মরতে হবে।
আরও বলেন, আবার যদি বিক্ষোভে দেখি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোমাদের পকেটে ৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে দেব। তখন তোমাদের জীবন শেষ।
এক পর্যায়ে পুলিশ সদস্য স্বীকারও করেন, তোমাদের জন্য আমরাই ভুগছি। ভ্যানের পেছনের সিটে বসা এক ছাত্রকে হাসতে দেখা যায় ভিডিওতে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি) তা শেয়ার করে তীব্র সমালোচনা করে। মুম্বাই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।
মুম্বাইয়ের ডিসিপি (অভিযান) আকবর পাঠান বলেন, এ বিষয়ে তথ্য যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দিল্লিতে প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হলে তা মুম্বাইয়েও ছড়িয়ে পড়ে। শিবাজি পার্ক, চেম্বুর, আজাদ ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা বড় আকারে বিক্ষোভ করছেন গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন জায়গায়। সোমবার দিল্লিতে পুলিশের লাঠিচার্জের পর মুম্বাইয়ের আন্দোলন আরও জোরদার হয়। বলিউড তারকা ইমরান খানসহ অনেকে এতে সংহতি জানান।
পুলিশের এমন আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়।













